আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ–২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচনী আচরণবিধি বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা। সভায় তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সকল প্রার্থী ও তাদের সমর্থকদের অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।
তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ। একইসঙ্গে দেয়াল লিখন, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ব্যবহার করা যাবে না। নির্ধারিত নিয়মের বাইরে কোনো ধরনের প্রচারণা করলে সংশ্লিষ্ট প্রার্থী ও কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএনও আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
সভায় প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আচরণবিধি মেনে সভা-সমাবেশ, মাইক ব্যবহার ও প্রচারণা পরিচালনা করতে হবে। নির্বাচনী ব্যয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ ও নির্ধারিত সময়ে জমা দিতে হবে।
এসময় বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত থেকে আচরণবিধি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেসব প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আজকালের কন্ঠ/আর বি