নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর রোগীর স্বজনদের হামলা ও হেনস্তার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে হাসপাতাল চত্বর। ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর সার্জারি ওয়ার্ডে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। রাত আনুমানিক ১২টার দিকে ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত নারী ইন্টার্ন চিকিৎসকের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রোগীর স্বজনরা চিকিৎসকের ওপর চড়াও হন এবং তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে অবস্থানরত অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তারা হামলায় জড়িত এক নারী ও দুই পুরুষকে আটক করেন। পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের হেফাজতে নেয়।
এ ঘটনার জেরে মধ্যরাতেই উত্তপ্ত হয়ে ওঠে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। রাত প্রায় ১টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা বৈঠক করে হামলার তীব্র প্রতিবাদ জানান এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দেন।
চিকিৎসক সমাজ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেন, চিকিৎসাসেবার মতো মানবিক পেশায় দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। দ্রুত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালের চিকিৎসা পরিবেশ নিরাপদ করার জোর দাবি জানিয়েছেন তারা।
ঘটনার পর হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। কর্মবিরতির কারণে শনিবার সকাল থেকে বহির্বিভাগসহ বিভিন্ন বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আজকালের কন্ঠ/ আর এস/এ