Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৫, ২০২৬ , ১১:৩২ অপরাহ্ণ

কাপড়ের কঠিন দাগ সহজে দূর করার উপায়

লেখকঃ লাইফস্টাইল ডেস্ক

সময়ের অভাব আর অসাবধানতায় শখের পোশাকে দাগ লেগে যাওয়াটা খুব সাধারণ একটি ঘটনা। খাওয়ার সময় টমেটো সস, হলুদ, তরকারির ঝোল কিংবা কলমের কালি—দাগ যেটাই হোক না কেন, তা জামার সৌন্দর্য নষ্ট করে দেয়। অনেক সময় প্রিয় পোশাকটি আর পরার উপযোগী থাকে না।

তবে চিন্তার কিছু নেই, বাড়িতে থাকা সাধারণ কিছু উপাদান ব্যবহার করেই আপনি এ ধরনের কঠিন দাগ থেকে মুক্তি পেতে পারেন।

কাপড় থেকে রক্ত বা রঙের দাগ দূর করতে থ্রি পারসেন্ট হাইড্রোজেন পার অক্সাইড অত্যন্ত কার্যকর। অন্যদিকে, যদি শখের পোশাকে মেহেদির রং লেগে যায়, তবে ১ ঘণ্টা ডিটারজেন্ট পাউডারে ভিজিয়ে রাখলে সহজেই তা পরিষ্কার হয়ে যাবে।

অফিস বা স্কুলে যাওয়ার পথে কাপড়ে কলমের কালির দাগ লাগলে ঘাবড়ানোর কিছু নেই। দাগের ওপর অ্যালকোহল ঘষে নিলে অথবা তুলায় তরল দুধ নিয়ে আলতো করে ঘষলে কালির দাগ হালকা হয়ে যাবে।

চা বা কফির দাগ দূর করতে চিনি ব্যবহার করা যেতে পারে। এছাড়া টমেটো কেচাপের দাগের ক্ষেত্রে ভিনেগার কিংবা লেবুর রস জাদুর মতো কাজ করে। রান্নার সময় কাপড়ে হলুদের দাগ লাগলে সেই স্থানে ১ ঘণ্টা গ্লিসারিন লাগিয়ে শুকিয়ে নিন এবং পরে সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

ছোটদের জামায় চকলেটের দাগ লাগলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে তা সহজে তুলে ফেলা সম্ভব। এছাড়া তেল বা ঘামের চিটচিটে দাগ দূর করতে শ্যাম্পু বা ডিটারজেন্ট বেশ কার্যকরী।

অনেকে কাপড় ধোয়ার সময় এক জামার রং অন্য জামায় লেগে যাওয়ার সমস্যায় পড়েন। এই পরিস্থিতি মোকাবিলায় ও কাপড়ের উজ্জ্বলতা ধরে রাখতে বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। বেকিং সোডা কাপড়ের দীর্ঘস্থায়ীত্ব বাড়াতে এবং নতুনের মতো উজ্জ্বল রাখতে সাহায্য করে।

এই সহজ টিপসগুলো মেনে চললে এখন থেকে কাপড়ের যেকোনো কঠিন দাগ দূর হবে এক চুটকিতে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন