যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির সাম্প্রতিক তথ্য ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশা জোরালো করায় মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তাও নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর চাহিদা বাড়িয়েছে। খবর রয়টার্স
মঙ্গলবার স্পট স্বর্ণ একপর্যায়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৩৪.৩৩ ডলারে উঠে নতুন রেকর্ড গড়ে। পরে ইস্টার্ন টাইম অনুযায়ী দুপুরে দাম স্থির হয় ৪ হাজার ৫৯১.৪৯ ডলারে। ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারস ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৯.১০ ডলারে লেনদেন শেষ করে।
ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কোর কনজ্যুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) মাসওয়ারি ০.২ শতাংশ এবং বছরওয়ারি ২.৬ শতাংশ বেড়েছে, যা বাজারের পূর্বাভাসের চেয়ে কম। এ তথ্য প্রকাশের পর সুদহার কমার সম্ভাবনা আরও বেড়েছে।
হাই রিজ ফিউচার্সের ধাতু ট্রেডিং পরিচালক ডেভিড মেগার বলেন, তুলনামূলকভাবে স্বস্তিদায়ক সিপিআই তথ্য বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা জোরদার করেছে।
ফেডের জানুয়ারির বৈঠকে সুদহার অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও বিনিয়োগকারীরা চলতি বছরে দুই দফা সুদহার কমার আশা করছেন। সাধারণত সুদহার কমলে সুদ না দেয়া সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বাড়ে।
এদিকে ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ায় সাবেক কেন্দ্রীয় ব্যাংক প্রধানদের সমালোচনা দেখা গেছে। পাশাপাশি ইরানকে ঘিরে নতুন শুল্ক হুমকি এবং ইউক্রেন যুদ্ধের উত্তেজনা নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়িয়েছে।
কমার্জব্যাংক ২০২৬ সালের শেষ নাগাদ স্বর্ণের মূল্য পূর্বাভাস বাড়িয়ে প্রতি আউন্স ৪ হাজার ৯০০ ডলার করেছে। বাজারের অস্থিরতা সামাল দিতে সিএমই গ্রুপ মূল্যবান ধাতুর মার্জিন নির্ধারণেও পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
অন্যদিকে রুপার দাম ২.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৬.৭৪ ডলারে দাঁড়িয়েছে, যা একসময় ৮৯.১০ ডলারের সর্বোচ্চ স্তরে পৌঁছায়। প্লাটিনামের দাম অপরিবর্তিত থাকলেও প্যালাডিয়ামের দাম ১.৪ শতাংশ বেড়েছে।
আজকালের কন্ঠ /আর এস