Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৩, ২০২৬ , ৭:৪৮ অপরাহ্ণ

বাউফলে গভীর রাতে দুই বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি; নাশক মেশানো দুধ খেয়ে অচেতন বাবা–ছেলে

লেখকঃ মো: আলী আশরাফ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে দুটি বসতঘরের তালা ভেঙে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় একটি পরিবারের সদস্যদের অচেতন করতে দুধে নাশক মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, যা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছে।

রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া এলাকার তালুকদার বাড়িতে হাসান তালুকদার ও জিয়া তালুকদারের বসতঘরে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, হাসান তালুকদারের নির্মাণাধীন ভবনের দুটি কক্ষে ইলেকট্রিক্যাল ও মেশিনারি সামগ্রীসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল রাখা ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা কক্ষগুলোর তালা ভেঙে সব মালামাল লুট করে নিয়ে যায়। হাসান তালুকদার পরিবারসহ বরিশাল শহরে বসবাস করায় বাড়িটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ছিল।

অপরদিকে, পাশের আরেকটি ভবনের পেছনের কক্ষের জানালা দিয়ে দুর্বৃত্তরা দুধের পাতিলে অচেতন নাশক মিশিয়ে রেখে যায়। ওই দুধ পান করার পর রিপন তালুকদার (৫৫) ও তার ছেলে অন্তু তালুকদার (২২) অচেতন হয়ে পড়েন। এ সময় রিপন তালুকদারের স্ত্রী কাজল আক্তার পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। পরে সকালে অচেতন অবস্থায় বাবা–ছেলেকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর চাচাতো ভাই জাকির তালুকদার বলেন, “আমাদের বাড়ির অধিকাংশ পরিবার বরিশাল ও ঢাকায় বসবাস করে। ঘরগুলো বেশিরভাগ সময় তালাবদ্ধ থাকে। এমন ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের দ্রুত তৎপরতা জরুরি।

ভুক্তভোগী হাসান তালুকদার বলেন, “আমি নতুন ঘর নির্মাণ করছি। বাড়িতে কেউ না থাকায় দুর্বৃত্তরা তালা ভেঙে সব মালামাল নিয়ে গেছে। বিষয়টি নিয়ে আমি খুব উদ্বিগ্ন। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, “ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। এখন পর্যন্ত কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন