পটুয়াখালী জেলার নদীবিধৌত ঐতিহ্যবাহী জনপদ বাউফল আজ দেশের অন্যতম শিক্ষিত অঞ্চল হিসেবে পরিচিতি লাভ করেছে। একসময় কৃষিনির্ভর এলাকা হলেও বর্তমানে সাধারণ ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে বাউফল দক্ষিণাঞ্চলের শিক্ষা–সংস্কৃতির রোল মডেলে পরিণত হয়েছে।
বাউফলের শিক্ষা ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো—এখানে আর্থিক বা সামাজিক শ্রেণিভেদ শিক্ষার পথে বাধা নয়। দিনমজুর কিংবা গৃহকর্মীর সন্তানও আজ মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। ফলে শিক্ষায় সামাজিক বৈষম্য এখানে প্রায় অনুপস্থিত।
প্রতিবছরই বাউফল থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মেডিকেল, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। পাশাপাশি প্রশাসন ক্যাডারসহ সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ পদে বাউফলের শিক্ষার্থীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি, যা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে।
শিক্ষিত জনপদে রূপান্তরের পেছনে শতবর্ষী ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর মধ্যে ধানদী কামিল মাদ্রাসা, বাউফল সরকারি কলেজ (১৯৬৬), বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়, বিলবিলাশ ও কেশবপুর এন.এস. মাধ্যমিক বিদ্যালয় উল্লেখযোগ্য।
বর্তমানে বাউফল উপজেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ১০টিরও বেশি কলেজ রয়েছে। ফলে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের জেলা বা বিভাগীয় শহরমুখী হতে হচ্ছে না। বিশেষভাবে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ।
ধর্মীয় শিক্ষাতেও বাউফল সমৃদ্ধ। উপজেলায় ৭০টিরও বেশি আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠদান করা হচ্ছে। একটি পরিবারেই ৫০ জন হাফেজ থাকার নজির বাউফলের ধর্মীয় শিক্ষার শক্ত অবস্থানকে তুলে ধরে।
শিক্ষা অবকাঠামোর দিক থেকে বাউফলে রয়েছে শতাধিক প্রাথমিক বিদ্যালয়, ৬০টির বেশি মাধ্যমিক বিদ্যালয়, ১২টির বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয় কলেজ এবং ৭টির বেশি কারিগরি ও ভোকেশনাল প্রতিষ্ঠান।
এ জনপদ জন্ম দিয়েছে বহু কৃতী সন্তানকে, যাঁদের মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী মমিন খান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সুখ রঞ্জন শিকদার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, বিচারপতি এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহম্মেদ। বর্তমানে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে দায়িত্ব পালন করছেন বাউফলের বহু সন্তান।
শক্তিশালী শিক্ষা অবকাঠামো, ধর্মীয় ও আধুনিক শিক্ষার ভারসাম্যপূর্ণ সমন্বয় এবং জাতীয় উন্নয়নে মানবসম্পদের অবদান—এই তিন ভিত্তির ওপর দাঁড়িয়ে বাউফল আজ সত্যিকার অর্থেই একটি আদর্শ শিক্ষিত জনপদ।
আজকালের কন্ঠ /এম / আলী আশরাফ