Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১২, ২০২৬ , ৭:৪৭ অপরাহ্ণ

কালিবাড়ির বাস্তহারা আবাসিক এলাকায় প্রভাবশালীদের দৌরাত্ম্যের অভিযোগ, নিরীহ জনগণ আতঙ্কে

লেখকঃ ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহ নগরীর কালিবাড়ির বাস্তহারা আবাসিক এলাকায় আওয়ামী লীগের কিছু প্রভাবশালী দোসরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিরীহ সাধারণ জনগণের ওপর নানা ধরনের অত্যাচার ও হয়রানির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, এসব প্রভাবশালী ব্যক্তি সরকারি ভূমি অবৈধভাবে দখল করে তা বিক্রির পাঁয়তারা চালিয়ে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা সরকারি জমি নিজেদের নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছেন। এলাকাবাসী এ ধরনের কর্মকাণ্ডে বাধা দিতে গেলে তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক চাঁদাবাজি এবং মাদক মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে করে সাধারণ মানুষ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ৯ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের নেত্রী হিসেবে পরিচিত পিংকি মৃধা ও আশা এবং শেখ রাসেল যুব সংঘের নেতা জয়নাল মৃধা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ। তাদের প্রভাব ও রাজনৈতিক পরিচয়ের কারণে সাধারণ মানুষ প্রকাশ্যে প্রতিবাদ জানাতে সাহস পাচ্ছেন না বলেও জানান ভুক্তভোগীরা।

এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে চলমান এই পরিস্থিতির কারণে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এমতাবস্থায়, কালিবাড়ির বাস্তহারা আবাসিক এলাকার নিরীহ জনগণ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। তারা অবিলম্বে সরকারি জমি দখলের অভিযোগ তদন্ত, হয়রানিমূলক হুমকির বিষয়গুলো খতিয়ে দেখা এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ / এম / জামাল খান

প্রিন্ট করুন