বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এশার নামাজ শেষে আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গৈলা বিএনপি পার্টি অফিসে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া-পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ ও আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা শুভ তালুকদার। তারা বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁর ত্যাগ ও অবদান দেশবাসী আজীবন স্মরণ করবে। বক্তারা তাঁর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু সঞ্জয় দাস গুপ্ত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত খান (মনু), রাজিহার ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক, আগৈলঝাড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব খানসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আজকালের কন্ঠ/আর বি