Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৪, ২০২০ , ১:০৫ অপরাহ্ণ

বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা ২৬ মার্চ

লেখকঃ আজকালের কণ্ঠ

বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা আগামী ২৬ মার্চ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

মোজাম্মেল হক বলেন, রোববার (১৩ ডিসেম্বর) আমরা এক হাজার ২২২ জন বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেছি। আগামী ২৬ মার্চ দেশব্যাপী পূর্ণাঙ্গ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হবে।

তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর, রাজাকার, আলবদর, আলশামসরা যখন নিশ্চিত হয়েছিল পরাজয়ের, যখন তাদের কাছে বিকল্প কোনো পথ ছিল না, তখন তারা জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে তালিকা করে বুদ্ধিজীবীদের ধরে এনে নির্মমভাবে হত্যা করে।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, আজকে মৌলবাদী গোষ্ঠী পবিত্র ইসলাম ধর্মকে কলঙ্কিত করে ধর্মের নামে মিথ্যাচার করছে।

তিনি বলেন, আজকে স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন আমাদের জন্য নিঃসন্দেহে অশনি সংকেত। তাদের শেকড় অনেক গভীরে, তাদের সহজে উপড়ে ফেলা যাবে না। তবে শেখ হাসিনার নেতৃত্বে এ মৌলবাদী শক্তিকে উপড়ে ফেলতে জাতী আজ ঐক্যবদ্ধ।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এদিন সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৯৭১ সালে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াস মোল্লা, ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান প্রমুখ।

প্রিন্ট করুন