শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি মাহেন্দ্রগাড়ি জব্দ করা হয়েছে। এ সময় একজন চালককে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত) ২০২৩ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যার কিছুক্ষণ আগে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস মাহাবুবা হক। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা উপস্থিত ছিলেন।
চরপক্ষীমারী ইউনিয়নের ভূমি অফিসার মো. শহিদুল ইসলাম জানান, নালিশী স্থান থেকে অবৈধভাবে বালু পরিবহনের সময় দুইটি মাহেন্দ্রগাড়ি আটক করা হয়। এ সময় একজন চালক কৌশলে পালিয়ে গেলেও অপর চালককে আটক করা হয়।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত) ২০২৩-এর আওতায় আটক চালককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে জব্দকৃত বালু সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ /এম / রিয়াজ