কুমিল্লা দেবিদ্বার উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে টপ সয়েল কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বুড়িরপার বাজার সংলগ্ন জুলুশ ফকিরের বাড়ির পাশের মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন।
এ সময় ফসলি জমিতে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং একই ইউনিয়নের বুড়িরপার গ্রামের জুজু মিয়ার ছেলে ড্রেজার মালিক মো. মাছুম (২৮) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে দেবিদ্বার থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষিজমি ও পরিবেশ ধ্বংসকারী অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন বলেন, “কৃষিজমি ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজ একটি ড্রেজার ধ্বংস ও মালিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সপ্তাহেও গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে দুটি ড্রেজার ধ্বংস করা হয়েছে। এছাড়া গোমতী নদীতে মাটি কাটার অভিযোগে একাধিক ট্রাক্টর জব্দ ও কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।”
আজকালের কন্ঠ/আর বি