Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১১, ২০২৬ , ৬:৩৭ অপরাহ্ণ

শরীয়য়তপুরের ভেদরগঞ্জে ভোটকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

লেখকঃ মোঃ নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি

শরীয়য়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ১১৩ নং পাইক বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ সকাল ১০টার দিকে পাইকবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শতাধিক নারী-পুরুষ ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত জাতীয় ও স্থানীয় সব ধরনের নির্বাচনে এই কেন্দ্রেই ভোট অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে কেন্দ্রটিতে নারী-পুরুষ মিলিয়ে ভোটারের সংখ্যা প্রায় ২ হাজার ৬শত জন।

এর আগে গত ১৪ ই ডিসেম্বর এলাকাবাসীর পক্ষে সাবেক মেম্বার আমজাত মোল্লা উপজেলা নির্বাচন অফিসার বরাবর ভোট কেন্দ্রটি স্থানান্তর না করার জন্য আবেদন করেন। এতে উল্লেখ করেন স্বাধীনতার পর থেকে শুরু হওয়া ভোট কেন্দ্রটিতে আজ পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার রেকর্ড নেই। বর্তমানে ব্যক্তি স্বার্থে কেন্দ্রটিকে স্থানান্তর করার চেষ্টা করছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী এই ভোটকেন্দ্রটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। অতীতেও তারা চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। এবারও আমরা তা হতে দেব না।

শরীয়তপুর জেলার সহকারী রিটার্নিং অফিসার ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, আজ মানববন্ধন হয়েছে আমি জানতাম না। আপনার কাছ থেকে শুনলাম। তবে কয়েকদিন আগে ওই এলাকার মানুষ আমাকে বর্তমান কেন্দ্রটি ঝুকিপূর্ণ সে বিষয়টি জানিয়েছে। আমি উক্ত বিষয়ে নির্বাচন কমিশনে জানিয়েছি। কমিশন থেকে কোন নির্দেশনা আসলে সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন