ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের পাইবদাখালী চৌরাস্তা বাজারে রাতের আঁধারে তালাবদ্ধ একটি ঘরের শাটারের তালা ভেঙে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ ও আতঙ্কিত হয়ে পড়েছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত রাতে অটোরিকশার মালিক বাজার এলাকার নিজ মালিকানাধীন একটি ঘরের ভেতরে অটোরিকশাটি রেখে শাটারে তালা ঝুলিয়ে বাড়িতে চলে যান। গভীর রাতে অজ্ঞাতনামা চোরচক্র পরিকল্পিতভাবে ওই ঘরের সামনে এসে শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং কৌশলে অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়।
সকালে ঘরের মালিক বাজারে এসে শাটারের ভাঙা তালা ও খোলা দরজা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে ভেতরে ঢুকে অটোরিকশাটি না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। এতে তিনি দিশেহারা হয়ে পড়েন এবং বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন বলে জানান।
ভুক্তভোগী অটোরিকশার মালিক বলেন, “অনেক কষ্ট করে অটোরিকশাটি কিনেছিলাম। এটি দিয়েই আমার পরিবারের জীবিকা নির্বাহ হয়। হঠাৎ করে এভাবে চুরি হয়ে যাওয়ায় আমি অসহায় হয়ে পড়েছি।”
এদিকে পাইবদাখালী চৌরাস্তা বাজারের ব্যবসায়ীরা জানান, সম্প্রতি বাজার ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই ও সন্দেহজনক লোকজনের আনাগোনা বেড়ে গেছে। বিশেষ করে রাতের বেলায় পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় চোরচক্র সহজেই অপরাধ সংঘটিত করে পালিয়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করেন।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “রাতে বাজার পুরোপুরি অরক্ষিত থাকে। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চোরেরা সুযোগ নিচ্ছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে।”
ঘটনার বিষয়ে ফুলপুর থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। থানা সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ পেলে ঘটনাস্থল পরিদর্শনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি চুরি হওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান জোরদার করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিয়মিত রাত্রীকালীন পুলিশ টহল বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। দ্রুত চুরি হওয়া অটোরিকশা উদ্ধার ও চোরচক্রকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
আজকালের কন্ঠ/আর বি