Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১০, ২০২৬ , ৭:৫৫ অপরাহ্ণ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউফলে দোয়া ও মিলাদ

লেখকঃ মো: আলী আশরাফ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের আপসহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর বাউফলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এ. কে. এম. ফারুক আহমেদ তালুকদারের উদ্যোগে ও উপজেলা বিএনপি ও বাউফল পৌর বিএনপি আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য জাকির মৃধা ও কাজল খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য চুন্নু মিয়া, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মনজু, পৌর শ্রমিক দলের সভাপতি আলম শিকদার সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তাঁর আদর্শ, ত্যাগ ও সংগ্রামী জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওঃ আল আমিন। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রিন্ট করুন