Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৯, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ

মোস্তাফিজকে আইপিএলে ফেরানোর বিষয়ে কোনো কথাই হয়নি: বিসিবি সভাপতি

লেখকঃ স্পোর্টস ডেস্ক

পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাকি মোস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরানোর প্রস্তাব দিয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। আর বিসিবি সভাপতি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে যে খবর বাংলাদেশ ও ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়েছে, সেটির সত্যতা নেই বলে দাবি বুলবুলের।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এক বক্তব্যে বিসিবি সভাপতি স্পষ্ট করে বলেন, মোস্তাফিজকে আইপিএলে ফেরানো নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে তার লিখিত বা মৌখিক কোনো আলোচনা হয়নি। এমনকি বিসিবির ভেতরেও এ বিষয়ে কারও সঙ্গে কোনো কথা হয়নি বলে জানান তিনি।

বুলবুলের দাবি, প্রচারিত খবরটির কোনো সত্যতা নেই।

উল্লেখ্য, ভারত সরকারের অনুমোদন নিয়েই আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে তোলে। সেই নিলাম থেকেই ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের কট্টরপন্থীদের চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে পরে কলকাতা মোস্তাফিজকে ছেড়ে দেয়।

এই ঘটনার পর ভারত সফরে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি। সংস্থাটি আইসিসিকে জানায়, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয় এবং সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়।

এরই ধারাবাহিকতায় গত বুধবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার আইসিসির কাছে আবারও চিঠি পাঠিয়েছে বিসিবি। ওই চিঠিতে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার পেছনের উদ্বেগ ও কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন