ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আচরণবিধি বাস্তবায়নের পাশাপাশি মুরাদনগর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি রাস্তা দখলমুক্ত করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) তারিখে মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের বৈলঘর মৌজায় ০১ নং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত রাস্তা শ্রেণীর সরকারি জমিতে অভিযান চালানো হয়। এসময় আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা হয়।
জানা গেছে, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে উক্ত রাস্তাটি অবৈধ দখলের কারণে এলাকাবাসীর স্বাভাবিক চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে জনসাধারণের বহুদিনের ভোগান্তির অবসান ঘটে।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, সরকারি সম্পত্তি ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি