Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৬, ২০২৬ , ৬:০২ অপরাহ্ণ

মোহনগঞ্জে ফিসারিতে বিষ প্রয়োগ রাতের আঁধারে প্রায় ৯ লাখ টাকার মাছ নিধন

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় একটি ফিসারিতে বিষ প্রয়োগ করে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

সোমবার (৫ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ফিসারি মালিক বানিহারী গ্রামের মো. শহিদুল ইসলাম এ ঘটনায় মোহনগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।

ফিসারি মালিক মো. শহিদুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে কৃষির পাশাপাশি মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। ঘটনার আগের রাতে তিনি তার ফিসারি থেকে মাছ ধরে মোহনগঞ্জ বাজারের মকসুদ মিয়ার আড়তে বিক্রি করেন। পরে রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ফিসারির সবকিছু স্বাভাবিক দেখে বাড়িতে ফিরে যান।

পরদিন ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তার এক কর্মচারী ফোন করে জানান, ফিসারির মাছগুলো মরে পানিতে ভেসে উঠছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, ফিসারির অধিকাংশ মাছ মৃত অবস্থায় পানিতে ভেসে রয়েছে। এতে তার আনুমানিক ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

শহিদুল ইসলাম আরও বলেন, রাতের আঁধারের সুযোগ নিয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ফিসারিতে বিষ প্রয়োগ করে এই ক্ষতি সাধন করেছে।

এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানান, কে বা কারা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিকল্পিতভাবে ফিসারিতে বিষ প্রয়োগ করে মাছ নিধন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন