জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি ২০২৬) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’-এর উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন। তিনি একজন উদার গণতান্ত্রিক রাজনৈতিক নেত্রী ছিলেন এবং দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার প্রচলন করেন, যার ফলে কয়েকটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। দল-মত-ধর্ম নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে তাঁর ভূমিকা ছিল সর্বজনবিদিত। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পরও জাতিকে ঐক্যবদ্ধ করতে তাঁর কার্যকর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান উপাচার্য।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. মো. মিজানুর রহমান। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, পরিবহন প্রশাসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।
উল্লেখ্য, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিন দফা নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজকালের কন্ঠ / আর এস/এস