‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলাপাড়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর সহকারী পরিচালক আসাদুজ্জামান খান এবং কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি।
এছাড়াও বক্তব্য রাখেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান, শারীরিক প্রতিবন্ধী মিলি বেগম ও জব্বার মুন্সি।
আলোচনা সভা শেষে শারীরিক প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ-হতদরিদ্র, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ মোট ৪২ জন উপকারভোগীর মাঝে যাচাই-বাছাই শেষে এক লাখ ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাউছার হামিদ বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে সমাজসেবা বিভাগের সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব কর্মসূচির আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি দিন দিন বিস্তৃত হচ্ছে।
তিনি আরও বলেন, উপযুক্ত ও আয়ত্তাধীন সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং অংশীজনদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নই সমাজসেবা বিভাগের মূল লক্ষ্য। তিনি সকলকে এদপ্তরের সুযোগ সুবিধা প্রকৃত নাগরিককে সঠিকভাবে প্রদানে আশ্বস্ত করেন।
আজকালের কন্ঠ/আর বি