Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩, ২০২৬ , ১১:০০ পূর্বাহ্ণ

আজ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬–এর পর্দা উঠছে আজ। আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে।

মেলা উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ‘এই মেলা একটি অনন্য উদ্যোগ যা বিশ্ব মঞ্চে বাংলাদেশের অপার সম্ভাবনা তুলে ধরবে।’

প্রধান উপদেষ্টা বলেন, “৩০তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬’ উপলক্ষ্যে আমি মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের অপার সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এটি একটি অনন্য আয়োজন।”

“দেশীয় পণ্যের প্রচার ও বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসব্যাপী আয়োজিত এ মেলা দেশে উৎপাদিত গুণগত মানসম্পন্ন পণ্য দেশি-বিদেশি দর্শক, ভোক্তা, ক্রেতা ও আমদানিকারকদের সামনে তুলে ধরতে খুবই কার্যকর ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা ও ভোক্তারাও এ মেলার মাধ্যমে সহজেই বিদেশি পণ্যের মান, নকশা ও বৈশ্বিক প্রবণতা বিষয়ে সম্যক ধারণা পাচ্ছেন।”

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন অনলাইনে বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে, যার আওতায় অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে। এছাড়া যাতায়াত সুবিধায় বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিস যুক্ত করা হয়েছে।

এর আগে মেলা শুরু হওয়ার কথা ছিল ১ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

আজকালের কন্ঠ / আর এস

প্রিন্ট করুন