Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১, ২০২৬ , ৩:০৬ অপরাহ্ণ

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবক গ্রেফতার

লেখকঃ জামাল খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ময়মনসিংহে মাদক নির্মূলে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির নাম পরিমল রবিদাস (৩২)।

গত ৩১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনি’র নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ ঠাকুরপাড়া এলাকায় মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরিমল রবিদাসকে শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযানিক দল তাকে আটক করে তল্লাশি চালালে তার হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

গ্রেফতারকৃত পরিমল রবিদাসের পিতা মৃত ফুলচান রবিদাস এবং মাতা বাসন্তী রানী রবিদাস। তার স্থায়ী ঠিকানা ধিতপুর গ্রাম, ওয়ার্ড নং-০১, ইউনিয়ন পরিষদ-১০ নং সিধলা, থানা-গৌরিপুর, জেলা- ময়মনসিংহ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব আজগর আলী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ময়মনসিংহ বিভাগসহ সারাদেশে মাদক নির্মূলে সরকার ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদক বহনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে তারা জানান।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

আজকালের কন্ঠ/ আর এস/জে

প্রিন্ট করুন