Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৯, ২০২৫ , ১:৩৮ অপরাহ্ণ

জকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ

লেখকঃ জবি প্রতিনিধি:

শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।নির্বাচনে ক্যাম্পাসে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আজ বিকেল ৩:৩০ টার মধ্যে সকল শিক্ষার্থীকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।

রোববার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়,
“আগামী ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে ২৯/১২/২০২৫ তারিখ বিকাল ০৩:৩০ এর মধ্যে সকল শিক্ষার্থীকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ প্রদান করা হলো।”

এদিকে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।জানা গেছে, আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জকসুর ভোটগ্রহণ চলবে। কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য ১টি করে ভোটগ্রহণ বুথ থাকবে এবং ভোটগ্রহণ শেষে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

আজকালের কন্ঠ/ আর এস/শাহরিয়াজ

প্রিন্ট করুন