আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পটুয়াখালী-০৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে কলাপাড়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রক্রিয়ায় অংশ নেন।
এর আগে মনোনয়নপত্র দাখিল উপলক্ষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এবিএম মোশাররফ হোসেন নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমরা আশা করছি নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত নেতারা জানান, পটুয়াখালী-০৪ আসনে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।
আজকালের কন্ঠ/ আর এস/এম