ঘন কুয়াশার কারণে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় উভয় ঘাটে আটকা পড়েছে শতশত যানবাহন।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপ কমে যাবে। এ রুটে বর্তমানে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে।