ময়মনসিংহ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির আয়োজনে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজিম উদ্দিন এবং বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়। অতিথিরা তাদের বক্তব্যে ভূমি প্রশাসনের স্বচ্ছতা, দক্ষতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে ভূমি অফিসারদের পেশাদারিত্ব ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, ভূমি অফিসাররা জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রশাসনিক কাঠামোর অংশ। ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ ও ডিজিটাল ব্যবস্থাপনা জোরদারে সবাইকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে উপস্থিত অতিথি ও সদস্যদের মাঝে প্রাণবন্ত আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও সার্কেলের ভূমি কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি