কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার পক্ষে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
জানা গেছে, গত ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও বিষয়টি প্রকাশ্যে আসে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে। শনিবার (২৭ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামের এক ব্যক্তি, যিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন কর্মী বলে জানা গেছে।
মনোনয়নপত্রের রেজিস্ট্রার অনুযায়ী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বর্তমান ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকা এবং স্থায়ী ঠিকানা কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর গ্রাম।
এ বিষয়ে এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, “আসিফ মাহমুদ আমাদের কাছে তার জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। সেই অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, তিনি মুরাদনগর আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন।”
তিনি আরও বলেন, “জোটগত রাজনীতিতে যেকোনো সময় নাটকীয় সিদ্ধান্ত আসতে পারে। সে কারণেই একাধিক আসন থেকে মনোনয়নপত্র কেনা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও সময় রয়েছে।”
উল্লেখ্য, এর আগে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। তিনি ইতোমধ্যে ওই আসনের ভোটার হয়েছেন এবং সেখানে প্রচারণাও চালাচ্ছেন। তবে মুরাদনগর আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তার সরাসরি কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
আজকালের কন্ঠ/আর বি