Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৫ , ৫:০৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ঝুঁকিপূর্ণ সেতু ধসে মালবাহী ট্রাক খালে, চলাচল বন্ধ—দুর্ভোগে এলাকাবাসী

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর এলাকায় ঝুঁকিপূর্ণ একটি সেতু ধসে পড়ে মালবাহী ট্রাক খালে পড়ে গেছে। ২৬ ডিসেম্বর শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সড়কটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়রা জানান, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ কারণে সেতুর দুই পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল এবং ভারী যানবাহন চলাচল নিষেধ করে সাইনবোর্ড টানানো ছিল। কিন্তু ওই রাতে একটি বালুবোঝাই মালবাহী ট্রাকের চালক ও সহকারী ব্যারিকেড সরিয়ে জোর করে সেতুর ওপর ট্রাক উঠান। অতিরিক্ত চাপের কারণে সেতুটি ভেঙে পড়ে ট্রাকসহ খালে পড়ে যায়।

দুর্ঘটনার পর থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে এলাকাবাসী, শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিকল্প রাস্তায় ঘুরে যেতে হওয়ায় সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে বলে জানান স্থানীয়রা।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ থাকলেও সংস্কার বা নতুন করে নির্মাণের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্রুত সেতু পুনর্নির্মাণ ও অস্থায়ী বিকল্প চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি চলছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন