Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৬, ২০২৫ , ১১:৫৪ অপরাহ্ণ

স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে স্মৃতিসৌধে পৌঁছে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান।

এদিন বিকাল ৫টার দিকে সাভারের দিকে রওনা হন তিনি। তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারাসহ অসংখ্য নেতাকর্মী।

এর আগে বিকাল ৪টা ৪২ মিনিটে শেরেবাংলানগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান।

তারেক রহমানের এই কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্ব পয়েন্টে ব্যাপকসংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

হাতে ব্যানার, ফেস্টুন আর জাতীয় ও দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। ‘তারেক রহমান বীরের বেশে, ফিরলেন এবার বাংলাদেশে’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। নেতাকর্মীদের এই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের। জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জানান, দুপুরের পর থেকেই সাভার, ধামরাই ও আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা এসে জমায়েত হতে শুরু করেন।

 

আজকালের কন্ঠ /এম

 

প্রিন্ট করুন