তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা গেছে। সেই উচ্ছ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে তার ফেরা ও বক্তব্যকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন তারকা। ঠিক তখনই তার কাছে এক ব্যতিক্রমী আবদার ও প্রত্যাশার কথা জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন।
নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই নির্মাতা লেখেন, তারেক রহমান এসেছেন, যিনি প্রাণী ভালোবাসেন। সেটা তার পোষা জেবু বিড়ালকে বিদেশ থেকে নিয়ে আসছেন; সে কারণে বলছি না। আদনান আজাদ আমাকে বলেছেন তারেক রহমান বিড়াল, কুকুর, সাপসহ প্রতিটা প্রাণীর জীবন রক্ষায় ব্যক্তিগতভাবে আগ্রহী।
এই প্রেক্ষাপটেই নিজের আজীবনের একটি লালিত স্বপ্নের কথা তুলে ধরেন দীপন। বাংলাদেশে পথকুকুর ও ভাসমান বিড়ালসহ বিভিন্ন পশুপাখির জন্য প্রতিটি জেলায় একটি করে আধুনিক ও ফ্রি হাসপাতালের চেইন তৈরি হোক, এটিই তার চাওয়া।
তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি লেখেন, তারেক ভাই, যদি নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন, তবে আপনার কাছে আমার এই প্রত্যাশা থাকলো। আরও অনেক কিছু আপনাকে ঠিক করতে হবে, সেই কথা আপনাকে অনেকেই বলবে।
দীপঙ্কর দীপনের এই ব্যতিক্রমী ও মানবিক চাওয়া সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। নেটিজেনদের অনেকেই তার এই ভাবনার সাথে একাত্মতা প্রকাশ করেছেন।
আজকালের কন্ঠ/ আর এস