Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৫, ২০২৫ , ২:২৬ অপরাহ্ণ

পটুয়াখালী-১ আসনে এবিপার্টির ডা. ওয়াহাব মিনারের মনোনয়ন পত্র সংগ্রহ

লেখকঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির মনোনীত পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর মেজর (অব.) ডা. আব্দুল ওয়াহাব মিনারের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে সহকারী জেলা নির্বাচন অফিসার মো. ওহিদুজ্জামান মুন্সীর নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এবি পার্টি পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. কামাল হোসেন।

মনোনয়ন পত্র সংগ্রহ শেষে প্রকৌশলী কামাল হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে অনেকেই রাজনীতি করলেও বিজয়ের পর জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন প্রতিষ্ঠায় রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন। সংবিধানে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করে একটি কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে এবি পার্টি কাজ করে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধ ও ’২৪-এর ছাত্র-জনতার বিপ্লবে জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে তা বাস্তবায়নে এবি পার্টি রাজপথে সদা জাগ্রত থাকবে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হবে এবং সেই নির্বাচনে জনগণ এবি পার্টির পক্ষে রায় দেবে।

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি পটুয়াখালী জেলা সহকারী সদস্য সচিব মো. মুশফিকুর রহিম মনির, সদস্য জাকির হোসেন, আবু হানিফ জয়, মোছা. হাফিজা বেগম ও মোছা. আসমা আক্তার।

আজকালের কন্ঠ/ আর এস/ আর আই

প্রিন্ট করুন