Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৫, ২০২৫ , ১২:৪৫ অপরাহ্ণ

তালাবদ্ধ ঘরে আগুন, বোনের পর বোন—লক্ষ্মীপুরে আরেকটি নিভে গেল কিশোরী প্রাণ

লেখকঃ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) মারা গেছেন। ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি ছিলেন।বুধবার (২৪ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত ১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে স্মৃতির ছোট বোন শিশু শিক্ষার্থী আয়েশা আক্তার বিনতি (৮) মারা যায়। দগ্ধ অবস্থায় তাদের বাবা সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেন চিকিৎসা নিচ্ছেন।অভিযোগ রয়েছে, গত ১৯ ডিসেম্বর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

এতে ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। আগুনে বেলাল হোসেন, তার বড় মেয়ে স্মৃতি এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তার বিথি দগ্ধ হন। পরে স্মৃতিকে আইসিইউতে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। তবে সামান্য দগ্ধ হওয়ায় বিথি চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বেলাল হোসেনকে বাদী করে অজ্ঞাতনামাদের আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে। তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর স্পষ্ট আলামত এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। মামলাটি তদন্তাধীন রয়েছে।

আজকালের কন্ঠ/ আর এস/জে এইচ জে 

প্রিন্ট করুন