দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তন কামনায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সকল মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং আগামীকাল সকাল ১০টায় ঢাকায় অবতরণের কথা রয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তে যেন তিনি নিরাপদ ও সুস্থভাবে মাতৃভূমিতে ফিরতে পারেন—সে জন্য মুরাদনগরের সর্বস্তরের জনগণকে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান তিনি।
কায়কোবাদ বলেন, “বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলছে, যা এখনও অব্যাহত রয়েছে। সেই ষড়যন্ত্রের কারণেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে থাকতে হয়েছে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান আমাদের মাথার তাজ। তার নিরাপদ সফর ও দেশের মাটিতে প্রত্যাবর্তন বিএনপির নেতাকর্মীসহ দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মুরাদনগরের সকল মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়ার আয়োজন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
আজকালের কন্ঠ/ আর এস/এস