
বড়দিনসহ টানা তিন দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় লাখো পর্যটকের সমাগমের আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটকদের স্বাগত জানাতে ইতোমধ্যে নতুন সাজে সেজেছে কুয়াকাটার হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য পর্যটন ব্যবসা প্রতিষ্ঠান।
পর্যটন ব্যবসায়ীদের ধারণা, এবারের ছুটিতে প্রায় ব্যাপক পর্যটক কুয়াকাটায় ভ্রমণে আসতে পারেন। সে লক্ষ্যে হোটেল-মোটেলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজানো হয়েছে। অনেক হোটেলের অধিকাংশ কক্ষ আগেই বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির নেতারা জানান, বৃহস্পতিবার বিকাল থেকেই পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করবে। এতে করে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, হস্তশিল্প ও স্থানীয় ব্যবসায় প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
কুয়াকাটার আবাসিক হোটেল আপন ভুবনের ব্যবস্থাপক, মিজানুর রহমান বলেন, বড়দিনের ছুটি সহ সাপ্তাহিক ছুটি ও ছেলে-মেয়েদের পরীক্ষা শেষে এবারের ছুটিতে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটবে, ইতোমধ্যে আমার হোটেলের সব রুম বুকিং হয়ে গেছে।
এদিকে পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে পর্যটন পুলিশ, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি গ্রহণ করেছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ, সহকারী পুলিশ সুপার, মোঃ হাবিবুর রহমান জানিয়েছেন, সৈকত এলাকা, হোটেল জোন ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যেমন, কুয়াকাটা জিরো পয়েন্ট, লেবুরবন, ফ্রাই পল্লী, মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার সহ বিভিন্ন দর্শনীয় স্থানে বাড়তি নজরদারি রাখা হবে, যাতে পর্যটকরা নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সময় কাটাতে পারেন।
সব মিলিয়ে বড়দিন, স্কুল-কলেজের পরীক্ষা পরবর্তী ও সরকারি ছুটিকে ঘিরে কুয়াকাটায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যা পর্যটন শিল্পের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :