তারাগঞ্জে পাশে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ডালিয়া ক্যানেল সংলগ্ন এলাকায় এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জাবেদ আলী (৫০)। তিনি সৈয়দপুর উপজেলার লক্ষণপুর পীরপাড়া বাজার এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ কাসেম আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে লক্ষণপুর ডাঙ্গারহাট এলাকার ডালিয়া ক্যানেলের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
এ বিষয়ে সৈয়দপুর থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আজকালের কন্ঠ/আর বি