Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৩, ২০২৫ , ৪:১৭ অপরাহ্ণ

দেবিদ্বার আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইনসানিয়াতের ইরফানুল হক

লেখকঃ শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ–এর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইরফানুল হক সরকার।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম–এর কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে ইরফানুল হক সরকার বলেন, “সত্য সাধনার মাধ্যমে বস্তুর ঊর্ধ্বে জীবনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, জীবন ও জ্ঞান-প্রজ্ঞার পূর্ণাঙ্গ বিকাশ, শান্তিময় ও নিরাপদ জ্ঞানভিত্তিক বিশ্ব পরিবেশ গঠন এবং জীবনের মালিকানা, অধিকার ও স্বাধীনতা সুরক্ষাই আমাদের মূল লক্ষ্য। মানবতার বিরুদ্ধে সব অপশক্তির মোকাবিলায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

তিনি আরও বলেন, “মানবজীবনের একমাত্র রাজনৈতিক দিকদর্শন হলো সত্য ও মানবতার মুক্তি। সব ধর্ম, মত ও পথের মানুষের জন্য সমান নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করে একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সর্বজনীন মানবতার রাষ্ট্র গড়াই আমাদের রাজনীতির লক্ষ্য।”

তিনি বলেন, মানবতার রাজনীতির বিপরীতে অবস্থান করে একক ধর্ম কিংবা বস্তুবাদী জাতীয়তাবাদের নামে গোষ্ঠীবাদী ও হিংস্র রাজনীতি, যা মানুষের জীবন ও মর্যাদাকে অস্বীকার করে।

ইরফানুল হক সরকার বলেন, “স্রষ্টার ভালোবাসায় সব মানুষের সেবা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা, মানবতাবিরোধী সব কিছুর প্রতিরোধ এবং সত্য ও জ্ঞান-বিজ্ঞানের মুক্ত প্রবাহ নিশ্চিত করতে আমরা প্রস্তুত।”

এ সময় উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ দেবিদ্বার উপজেলার আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, উপজেলা দায়িত্বশীল ডা. হাবিবুর রহমান, আল আমিন, মো. মাসুদ, মো. নাজমুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন