Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২২, ২০২৫ , ৫:১০ অপরাহ্ণ

সিসিটিভির নজরদারিতে শেরপুর পৌর এলাকা নিরাপত্তায় যুক্ত হলো নতুন মাত্রা

লেখকঃ শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো নতুন মাত্রা। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শেরপুর পৌরসভা প্রাঙ্গণে সিসিটিভি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সিসিটিভি ক্যামেরা চালুর মাধ্যমে শহরের নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে। অপরাধ দমন ও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত শনাক্তে এটি কার্যকর ভূমিকা রাখবে।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার পৌর প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদেরসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

পৌরসভা সূত্রে জানা যায়, শেরপুর পৌরসভার অর্থায়নে এবং সদর থানার সহযোগিতায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোট ৪০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা শেরপুর পৌরসভা ভবন ও সদর থানা ভবন থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এতে করে অপরাধ প্রবণতা হ্রাস পাবে এবং যেকোনো ঘটনা বা দুর্ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। সিসিটিভি স্থাপন প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৯ লাখ ৮০ হাজার টাকা।

এদিকে একই দিনে শেরপুর পৌরসভার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলখানা মোড় থেকে মীরগঞ্জ অভিমুখী সড়ক এবং ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আখেরমামুদ বাজার থেকে মোবারকপুর কইনাপাড়া সড়কের উদ্বোধন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন