Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২১, ২০২৫ , ১১:০৫ পূর্বাহ্ণ

শ্রমিক অপহরণের অভিযোগে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচলে চরম ভোগান্তি

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় একটি কারখানার শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জামিরদিয়া এলাকায় অবস্থিত পিএ নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা প্রতিদিনের মতো গাজীপুর এলাকা থেকে কারখানার নিজস্ব বাসযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্রমিকবাহী গাড়িকে ধাক্কা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে আমিনুল নামে এক শ্রমিক সৌখিন পরিবহনের বাসে উঠে চালকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। অভিযোগ রয়েছে, পরে ওই শ্রমিককে বাসের ভেতরেই আটক করে সৌখিন পরিবহনের বাসটি দ্রুত ময়মনসিংহের দিকে চলে যায়। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ শ্রমিকরা তাৎক্ষণিকভাবে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় মহাসড়কে ঘণ্টাখানেকের বেশি সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন উপস্থিত হয়।

পরবর্তীতে শ্রমিকরা সৌখিন পরিবহনের কয়েকটি বাস আটক করে রেখে অন্যান্য যানবাহন চলাচলের সুযোগ দেন। পুলিশের আশ্বাসে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, শ্রমিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিলেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সৌখিন পরিবহনের বাসগুলো আটক করে রাখা হয়েছে এবং আটক শ্রমিককে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন