Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২১, ২০২৫ , ১০:২৪ পূর্বাহ্ণ

লাখো মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা

লেখকঃ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

লাখো মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো চরমোনাই মাহফিলের নমুনায় অনুষ্ঠিত কু‌ড়িগ্রা‌মের তিন‌ দিনব্যাপী ইজতেমা।

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রিজের পূর্ব পাড়ে আল্লামা ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে র‌বিবার (২১ ডিসেম্বর) সকা‌লে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় এবারের ইজতেমার কার্যক্রম। মোনাজাত প‌রিচালনা ক‌রেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যানারে আয়োজিত এ ইজতেমায় দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকাল ৮ টায় মোনাজাত করা হয়। এ সময় আগত মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায়।

মোনাজাতের আগে বয়ানে চরমোনাই পীর বলেন, নামাজ, রোজা যেমন ইবাদাত তেমনি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করাও ইবাদাত। ভোট মানে সাক্ষী দেওয়া, সমর্থন করা। তাই বুঝে শুনে সেই সমর্থন দেওয়া উচিত। দুনিয়া ও আখিরাতে কামিয়াব হতে হলে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে লাখো মুসল্লিদের অংশগ্রহণে শুরু হওয়া তিন দিনের এ ইজতেমায় বাদ যোহর উদ্বোধনী বয়ান করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি ইজতেমা ব্যবস্থাপনা কমিটি, আগত মুসল্লি, সাংবাদিকবৃন্দ, ইজতেমার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের সকল সদস্য, এলাকাবাসীসহ নিপীড়িত বিশ্বের সকল মুসলমানদের জন্য মাগফিরাত কামনা করেন। শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় বিশেষভাবে দোয়া করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন