Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৯, ২০২৫ , ৭:২৪ অপরাহ্ণ

ময়মনসিংহে হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল নগরী, বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে আলোচিত হাদি হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টাউন হল সংলগ্ন জুলাই চত্ত্বরের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলের সূচনা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাঙ্গীনারপাড় চত্ত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা হাতে ব্যানার, ফেস্টুন বহন করেন এবং “হাদি হত্যার বিচার চাই”, “খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করো”, “নিরাপদ সমাজ চাই”—এমন নানা স্লোগানে মুখর করে তোলেন নগরীর রাজপথ।

বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ড একটি নৃশংস, বর্বর ও মানবতাবিরোধী ঘটনা, যা পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। তারা অভিযোগ করেন, অপরাধীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে অপরাধ বাড়িয়ে দিচ্ছে। এ ধরনের হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

মিছিল শেষে গাঙ্গীনারপাড় চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নিহত হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

কর্মসূচি থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন