ময়মনসিংহ মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানাধীন ৩ নম্বর পুলিশ ফাঁড়ির উদ্যোগে একটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে একটি দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার চিহ্নিত আসামিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অদ্য ইং ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ৩ নম্বর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেনের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এসআই মোঃ সোহেল রানা তার সঙ্গীয় ফোর্স নিয়ে একটি চৌকস ও পরিকল্পিত বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কোতোয়ালী থানাধীন আকুয়া এলাকার নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ গেটের সামনে থেকে মোঃ সজল ওরফে পটলাকে আটক করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি চালিয়ে একটি স্টিলের তৈরি দেশীয় চাইনিজ ড্রাগন কুড়াল উদ্ধার করা হয়, যা দিয়ে সে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ আরও জানায়, আটককৃত মোঃ সজল ওরফে পটলা এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী ও পেশাদার অপরাধী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এর আগেও মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে মোট ১০টি মামলা রয়েছে, যা বর্তমানে বিচারাধীন।
উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
পুলিশ কর্তৃপক্ষ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ময়মনসিংহ মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কোতোয়ালী মডেল থানার সকল ইউনিট সর্বদা তৎপর রয়েছে বলেও তারা আশ্বাস দেন।
আজকালের কন্ঠ/আর বি