কুমিল্লার হোমনা থানার হাজতে ববিতা খাতুন নামে এক নারী ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) রাতে পারিবারিক সহিংসতার ঘটনায় তাকে আটক করে হোমনা থানা পুলিশ। তিনি কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের প্রবাসী খলিল মিয়ার ছোট স্ত্রী।
জানা গেছে, খলিল মিয়ার দুই স্ত্রীর মধ্যে বুধবার ঝগড়ার একপর্যায়ে ছোট স্ত্রী ববিতা খাতুন বড় সতীন কোহিনুর ও তার ১২ বছর বয়সী ছেলে সায়মনকে ছুরিকাঘাত করেন। এতে মা ও ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় অভিযুক্ত ববিতা খাতুনকে আটক করে থানায় নেওয়া হয়। বৃহস্পতিবার ভোরে থানা হাজতে থাকা অবস্থায় তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়।
হোমনা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার করিম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভোর রাত সাড়ে ৫টার দিকে আত্মহত্যার ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঘটনার পর থানা হাজতে নিরাপত্তা ব্যবস্থা ও ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
আজকালের কন্ঠ/আর বি