Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৫ , ৫:৫৬ অপরাহ্ণ

খালেদা জিয়াকে ইঙ্গিত করে বক্তব্যের অভিযোগ, রেজাউল করিমকে ক্ষমা চাইতে বললেন এ্যানী

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিম তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে ফ্যাসিস্টদের মতো ভাষা ব্যবহার করেছেন। এজন্য তাকে এই বক্তব্য প্রত্যাহারসহ প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি জামায়াত প্রার্থীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন।

এ্যানি বলেন, “আমি একটি টকশোতে বক্তব্য দিয়েছিলাম। সেখানে জামায়াতে ইসলামীর প্রার্থী স্বীকার করেছেন—এক ধরনের রাজনৈতিক দলের রাজনীতিবিদ এতিম ও দুঃস্থদের টাকা মেরে খেয়েছে। এই ধরনের বক্তব্য আগে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা দিয়ে এসেছে।”

তিনি আরও বলেন, “ড. রেজাউল করিম আল্লাহর কসম দিয়ে বলেছেন, তিনি খালেদা জিয়ার নাম নেননি। এটা সত্য, তিনি নাম নেননি। কিন্তু প্রশ্ন হলো, এই বক্তব্যে কাকে উদ্দেশ্য করা হয়েছে? খালেদা জিয়া দেশ-বিদেশে সম্মানিত। সুতরাং, এই বক্তব্য স্পষ্টভাবে তাকেই ইঙ্গিত করে।”

এ্যানি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়িয়েছে। তিনি বলেন, “আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে। এরপরও যদি আল্লাহর কসম দিয়ে অস্বীকার করা হয়, তাহলে তা মানুষের সামনে অপপ্রচার ছাড়া কিছু নয়। প্রকৃতপক্ষে, এই বক্তব্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমার নেত্রীকে অবজ্ঞা করা হয়েছে, ছোট করা হয়েছে এবং অন্যায়ভাবে ফ্যাসিস্টদের মতো বক্তব্য দেওয়া হয়েছে। এই বক্তব্য শুধু প্রত্যাহার করলেই হবে না, আপনাকে ক্ষমা চাইতেও হবে।”

এ সময় জেলা বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন