আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সদর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবু ওয়াহাব আকন্দ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (তারিখঃ ১৭-১২-২০২৫ইং) দুপুরে ময়মনসিংহ জেলা নির্বাচন অফিস থেকে তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোঃ আবু ওয়াহাব আকন্দ বলেন, “আমি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ সদর-৪ আসনের মানুষের সুখ-দুঃখের সঙ্গী। জনগণের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে নির্বাচন করছি। ইনশাআল্লাহ জনগণ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন।”
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনদুর্ভোগ লাঘবে তিনি অঙ্গীকারবদ্ধ।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মোঃ আবু ওয়াহাব আকন্দ একজন ত্যাগী, জনপ্রিয় ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে সদর-৪ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ময়মনসিংহ সদর-৪ আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল আসন হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি