Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৬, ২০২৫ , ১১:১৬ পূর্বাহ্ণ

দুমকিতে জুতা পরে শ্রদ্ধা নিবেদন, ক্ষুব্ধ সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকিতে মহান বিজয় দিবসের মূল অনুষ্ঠানে শহীদ মিনারে জুতা পরেই শ্রদ্ধা নিবেদনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। ঘটনার প্রতিবাদে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আনুষ্ঠানিক কর্মসূচি বর্জণ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠানে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন এবং প্রেসক্লাব দুমকির সভাপতি মো. দেলোয়ার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানার কাছে লিখিত ও মৌখিকভাবে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল কুচকাওয়াজ, শিক্ষার্থীদের ডিসপ্লে, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। এছাড়া মসজিদে দোয়া, মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কথা রয়েছে। তবে শহীদ মিনারে জুতা পরে শ্রদ্ধা নিবেদনের ঘটনায় বিজয় দিবসের পবিত্রতা ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় সাংবাদিকরা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন