লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উঠান বৈঠকে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে বিএনপি এ ঘটনার প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল করেছে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের দক্ষিণ দেহলা মজুমদার বাড়ির উঠানে জামায়াতে ইসলামীর নিয়মিত রাজনৈতিক কর্মসূচি চলাকালে বিএনপি নেতা মাহফুজুর রহমান (শান্তা) ও তার সহযোগীরা সেখানে জোরপূর্বক প্রবেশ করেন। এ সময় তারা হুমকি, অশালীন ভাষা ব্যবহার ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বৈঠক পণ্ড করার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় একই দিন রাত ৯টার দিকে রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ ইমরান হোসেন বাদী হয়ে মাহফুজুর রহমান (শান্তা)কে আসামি করে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী বলেন, “গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক সভায় বাধা দেওয়া চরম ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। যারা জনগণের কথা শুনতে ভয় পায়, তারাই এ ধরনের ন্যক্কারজনক ঘটনার জন্ম দেয়।”
তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মাহফুজুর রহমান (শান্তা) সকল অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং জামায়াতের নেতাকর্মীরাই আমার ওপর হামলা চালিয়েছে।”
ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহিম মজুমদার দাবি করেন, ঘটনাস্থলটি মূলত বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মাহফুজুর রহমানের নিজ বাড়ি।
তিনি বলেন, “তিনি যখন জানতে পারেন তার বাড়িতে একটি রাজনৈতিক কর্মসূচি হচ্ছে, তখন বিষয়টি জানতে চাইলে জামায়াতের নেতাকর্মীরা তার গলা চেপে ধরে এবং গেঞ্জি ছিঁড়ে ফেলে। পরে উল্টো তারা থানায় অভিযোগ করেছে।”
তিনি আরও জানান, ঘটনার প্রতিবাদে ইউনিয়ন বিএনপি ও উপজেলা এবং পৌর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আজকালের কন্ঠ/আর বি