Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৪, ২০২৫ , ৫:৫৭ অপরাহ্ণ

ঝালকাঠিতে রাতের আধারে মাটি লুট, ইটভাটা চক্রের হাতে ধ্বংসের পথে পরিবেশবান্ধব ইকোপার্ক

লেখকঃ ঝালকাঠি প্রতিনিধি

সুগন্ধা, বিষখালী ও হলতা নদীর ত্রিমোহনায় অবস্থিত ঝালকাঠি ইকোপার্কে চলছে অবৈধ মাটি কাটার মহোৎসব। রাতের অন্ধকারকে আশ্রয় করে একটি প্রভাবশালী ইটভাটা চক্র ট্রলারে করে মাটি লুটে নিচ্ছে। এতে ধ্বংসের মুখে পড়ছে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই পরিবেশবান্ধব পার্ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে প্রায় ৫–১০টি ট্রলার ইকোপার্কের পাড় ঘেঁষে আসে এবং কৌশলে মাটি কেটে নিয়ে যায়। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই চলছে এ কর্মকাণ্ড। এর ফলে পার্কের ভৌতগঠন নষ্ট হচ্ছে এবং নদীতীরবর্তী এলাকায় ভাঙন ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে।

পরিবেশবিদদের মতে, ইকোপার্কের মতো সংরক্ষিত এলাকায় মাটি কাটার ঘটনা পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ খনিজ সম্পদ উন্নয়ন আইন এবং নদীতীর রক্ষণাবেক্ষণ আইনের সরাসরি লঙ্ঘন। এতে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়বে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, “অবৈধভাবে মাটি পাচার করতে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয়। প্রশাসন ব্যবস্থা না নিলে পুরো ইকোপার্ক হারিয়ে যাবে।” তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ইকোপার্ক রক্ষায় স্থায়ী নজরদারি ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন খবরের কাগজকেবলেন,“এ বিষয়ে আমি এতদিন অবগত ছিলাম না। এখন যেহেতু জানলাম, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

একসময় যেটি ছিল শহরের “ফুসফুস”, সেই ইকোপার্ক আজ অবৈধ মাটি ব্যবসায়ীদের হাতেই ধ্বংসের পথে। পরিবেশ সচেতন মহল মনে করছেন, অবিলম্বে নজরদারি ও কঠোর আইন প্রয়োগ না হলে এ গুরুত্বপূর্ণ প্রকল্প পুরোপুরি বিলীন হয়ে যেতে পারে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন