ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি গার্মেন্টস কারখানার কর্মী পরিবহন বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার বাগান কনজিউমার টেক্সটাইল সংলগ্ন এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিংয়ে রাখা ওই বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে হঠাৎ করে পার্কিংয়ে রাখা বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে তারা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও আশপাশে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া গেলেও বাসটির উল্লেখযোগ্য অংশ পুড়ে গেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গার্মেন্টসের বাসে অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
আজকালের কন্ঠ/আর বি