আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া গ্রামে উঠোন বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পুড়াপুটিয়া গ্রামের তালুকদার বাড়ির উঠোনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
উঠোন বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি। ধানের শীষই পারে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে। তাই আসন্ন নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
উঠোন বৈঠক ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ /এম / জামাল