উদ্বোধনের আগেই ভাঙা হচ্ছে থার্ড টার্মিনালের সিলিং | Daily AjKaler Kontho

উদ্বোধনের আগেই ভাঙা হচ্ছে থার্ড টার্মিনালের সিলিং


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
উদ্বোধনের আগেই ভাঙা হচ্ছে থার্ড টার্মিনালের সিলিং

২২ হাজার কোটি টাকায় নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বড় ধরনের ত্রুটি ধরা পড়েছে। উদ্বোধনের অপেক্ষায় থাকা আধুনিক এই টার্মিনালের সিলিংয়ে মোবাইল নেটওয়ার্ক ইনস্টলেশনের কোনো ব্যবস্থা না থাকায় সিলিং এর কিছু অংশ ভেঙে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৯৯ শতাংশ কাজ শেষ হলেও সম্প্রতি ভবনের ভেতরে মোবাইল নেটওয়ার্ক না পাওয়ার বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচক কর্মকর্তাদের নজরে আসে। স্থপতি রোহানি বাহারিনের করা মূল নকশায় নেটওয়ার্কের তার বা যন্ত্রপাতি বসানোর জন্য প্রয়োজনীয় ‘ইন-বিল্ট’ ব্যবস্থা না থাকায় সিলিং ভাঙ্গ ছাড়া অন্য কোনো উপায় নেই বলে জানান প্রকৌশলীরা।

গত নভেম্বরে জরুরি বোর্ড সভায় এই ত্রুটি নিয়ে তোলপাড় শুরু হয়। নেটওয়ার্ক পেতে নান্দনিক সিলিং ভাঙা-গড়ার কাজ এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এতে সৌন্দর্য বিনষ্টের পাশাপাশি অতিরিক্ত সরকারি ব্যয় বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনায় নেটওয়ার্ক স্থাপনার দায়িত্ব নিয়ে আরেক জটিলতা তৈরি হয়। গ্রামীণফোন, রবি ও বাংলালিংক বেবিচককে রাজস্ব শেয়ার দিতে অস্বীকৃতি জানায়। তারা শুধু জায়গার ভাড়া দিতে রাজি হয়। পরে সরকারি অপারেটর টেলিটক প্রকল্পটি গ্রহণে সম্মত হয়। টেলিটকই সিলিং ভেঙে নেটওয়ার্ক স্থাপন করবে এবং অন্য অপারেটরদের সংযোগ দেবে। পাশাপাশি আয়ের একটি অংশ তারা বেবিচককে দেবে। প্রাথমিকভাবে ৫ বছরের জন্য এই চুক্তি হতে যাচ্ছে।

একইসাথে সিলিং মেরামতের কারণে পেছাতে পারে থার্ড টার্মিনালের উদ্বোধন। ২২ হাজার কোটি টাকার এই মেগাপ্রকল্পে সিলিংয়ের ত্রুটি দূর করা সম্ভব হলেও নকশাগত পরিকল্পনার ফাঁকফোকর নিয়ে সাধারণ যাত্রীদের মনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি