Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১১, ২০২৫ , ৩:০৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুর–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সাদারঘর ব্রিজে ঝুঁকিপূর্ণ রেলিং

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ সাদারঘরে নোয়াখালী–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের রহমত খালী খালের ওপর নির্মিত সাদারঘর ব্রিজের রেলিং আবারও ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গভীর রাতে ব্রিজটির পশ্চিম পাশের রেলিংয়ের মাঝামাঝি অংশ বড় অংশ ভেঙে খালে পড়ে যায়। কে বা কারা রেলিং ভাঙল এবং কেন তা নিয়ে এলাকায় রহস্য ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, রাতের কোনো একসময় রেলিং ভাঙা হলেও কেউ শব্দ টের পাননি। সকালে পথচারীরা ভাঙা রেলিং খালে পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্রিজের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রেলিং ভাঙার কারণে ব্রিজের ওই অংশ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কোনো সতর্কীকরণ চিহ্ন বা অস্থায়ী প্রতিবন্ধক না থাকায় বিশেষ করে রাতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। পথচারী, মোটরসাইকেল ও ছোট যানবাহন চালকরা আতঙ্ক নিয়ে চলাচল করছেন।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী জানান, “বিষয়টি সম্পর্কে আগে আমি অবগত ছিলাম না। খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাদারঘর ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।”

উপ-বিভাগীয় প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, “ব্রিজের রেলিং ভাঙার বিষয়টি আগে আমার জানা ছিল না। বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নিতে অধীনস্থ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।”

এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত তদারকি ও নজরদারির অভাবেই বারবার ব্রিজের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত রেলিং মেরামত, ব্রিজ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন